প্রথমবারের
মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলতে নেমেছে স্বাগতিক ভারত। সেই স্বপ্ন পূরণের অভিযান বড় জয়েই শুরু
করল হারমানপ্রীত কৌরের ভারত। গুয়াহাটিতে আজ বৃষ্টি-বিঘ্নিত
ম্যাচে সহ-স্বাগতিক শ্রীলঙ্কাকে
ডিএলএসের হিসাবে ৫৯ রানে হারিয়েছে
ভারত।
টসে
হেরে ব্যাটিং পাওয়া ভারত ৪৭ ওভারে নেমে
আসা ম্যাচে ৮ উইকেট হারিয়ে
করতে পারে ২৬৯ রান। রান তাড়ায় শ্রীলঙ্কা ৪৫.৪ ওভারে
অলআউট ২১১ রানে।
শেষ
পর্যন্ত বড় জয় পেলেও
ইনিংসের মাঝ পথে বড় বিপদেই ছিল
ভারত। ১৯.১ ওভারে
১ উইকেটে ৮১ রান তুলে
ফেলা দলটি টপাটপ উইকেট হারাতে শুরু করে। ১২৪/৬—২৭ ওভার
শেষে এমনই হয়ে যায় দলটির স্কোর। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার ইনোকা রানবীরাই এ সময়ে নেন
৪ উইকেট।
সেখান
থেকে ভারতকে উদ্ধার করেন দীপ্তি শর্মা ও আমানজোত কৌর।
সপ্তম উইকেটে ৯৯ বলে ১০৩
রান যোগ করেন দুজন। ৫৬ বলে ৫৭
রান করা আমানজোতের আউটে ভাঙে জুটি। আটে নেমেছিলেন এই ব্যাটার।
এরপর স্নেহ রানাকে নিয়ে ২২ বলে ৪২ রান যোগ করে শেষ বলে আউট হন ছয়ে নামা দীপ্তি। ৫৩ বলে ৫৩ রান করেছেন এই ব্যাটার। জুটিতে তাঁর সঙ্গী স্নেহ রানা ১৫ বলেই ২৮ করে অপরাজিত ছিলেন।
রান তাড়ায় শ্রীলঙ্কার শুরুটাও খারাপ ছিল না। ১৪.৫ ওভারেই ১ উইকেটে ৮২ রান তুলে ফেলে লঙ্কানরা। ১৫তম ওভারের শেষ বলে অফ স্পিনার দীপ্তি শর্মা চামারি আতাপাত্তুকে বোল্ড করার পরেই ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। ৪৭ বলে ৩ ছক্কায় ৪৩ রান করেছেন দলটি মূল ভরসা অধিনায়ক চামারি। এরপর আর কেউ রান-বলের হিসাব মেলানোর মতো ব্যাটিং করতে পারেননি। ৫৩ রান করার পর বল হাতে ৫৪ রানে ৩ উইকেট, ম্যাচসেরা দীপ্তি শর্মা।
খবর এবং ছবি: সংগৃহীত


0 মন্তব্যসমূহ